বাংলাদেশের মনোরোগ চিকিৎসক সাঈদ এনামের চিঠির জবাব দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
সেখানে তিনি বলেছেন, আমি মুসলমানদের পাশে আছি এবং থাকব।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের প্রধান সাঈদ এনাম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকা, পদক্ষেপ এবং তার কিছু বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে একটি চিঠি মেইল করেন।
বৃহস্পতিবার জাসিন্ডা আরডার্নের পক্ষে তার কার্যালয়ের একান্ত সচিব ডায়না অকেবা চিঠির জবাব দেন।
শনিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাঈদ এনাম।
জাসিন্ডা আরডার্ন চিঠিতে লেখেন, ‘ডা. সাঈদ এনাম, আমাকে ই-মেইল পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক এই সময়টাতে হাজারো মানুষের সমর্থন, সাহস এবং তোমাদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এখন আমার সব ধ্যান তাদের ঘিরে, যারা এই ঘটনায় অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে রয়েছেন। সমগ্র নিউজিল্যান্ডবাসীর মতো আমিও আমার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমানদের পাশে রয়েছি। এমনকি পরিষ্কারভাবে বলছি, আমি মুসলমানদের পাশে আছি এবং থাকব। আমার সব চিন্তা, ভালোবাসা তাদের ঘিরে যারা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রতি আমার এ ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা থাকবে আজীবন।’
প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন চিঠিতে আরও লিখেছেন, ‘নিউজিল্যান্ডের জন্য এটি বিষাদময় সময়। এমন পরিস্থিতির মুখোমুখি আমরা কখনো হইনি। কিন্তু ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে সবার সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে আমরা সবাই এক, তবে একা নয়। সবার শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাকে আবারও ধন্যবাদ পাশে থাকার জন্য।’
এ বিষয়ে ডা. সাঈদ এনাম দেশ রূপান্তরকে বলেন, 'নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার খবর ফেসবুকে দেখে সত্যিকার অর্থে আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। আমি একজন সাইকিয়াট্রিস্ট, স্বাভাবিকভাবে আমি যে কোনো সমস্যা বা ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি। পরবর্তীতে অস্ট্রেলিয়ান সিনেটরের বিবৃতিও আমি ফেসবুকে দেখি। আমি সেটা পড়ি। এমন একজন ব্যক্তির তির্যক শব্দ মানুষ হিসেবে আমাকে আহত করে'।
'কিন্তু সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মহোদয়ের কিছু পদক্ষেপ আমাকে বেশ আশাবাদী করে। একজন অমুসলিম হয়ে তিনি দল-মত-ধর্মের ঊর্ধ্বে উঠে যে ভূমিকা রেখেছেন, তাতে আমি তাকে সাধুবাদ দেওয়ার প্রয়োজন মনে করি। এটা মানুষ হিসাবে আমার দায়িত্ব ও কর্তব্য'।
''সে দায়িত্ব বোধ থেকেই আমি তাকে একটি মেইল করি এবং ধন্যবাদ দিই। আমি এও বলি 'ইসলাম, মন্দির মসজিদ, গির্জা, চার্চ বা প্যাগোডায় প্রার্থনারত কাউকে আঘাত করা সম্পূর্ণ নিষেধ, সে যেই হোক'।''
'তিনি তার অফিসের মাধ্যমে আমার মেইলের জন্য ধন্যবাদ দেন, এবং তিনি এও বলেন সারা বিশ্বের মানুষ ও সোশ্যাল মিডিয়া যেভাবে নিউজিল্যান্ডবাসীর এমন ক্রান্তিলগ্নে পাশে দাঁড়িয়েছেন, তিনি তাতে অভিভূত'।
'আমি তার রিপ্লাই পেয়ে আনন্দিত হই, আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির মেইল তিনি পড়েছেন'।
সাঈদ এনাম ইউরোপিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর আজীবন সদস্য।
১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়। এতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। আহত হন ৪৮ জন। ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে মুসল্লিদের ওপর রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
