ম্যাক্সওয়েলদের লক্ষ্য ৫-০

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:১৬ পিএম

পাকিস্তানকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের কিনারায় নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। শুক্রবার নাটকীয়ভাবে ৬ রানে জেতার ফলে ৪-০ তে এগিয়ে আছে তারা। আজ দুবাইতে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে খেলবে দুই দল।

সিরিজের চার নম্বর ম্যাচটি যারা দেখেছেন তারা এখনো হয়তো বিস্ময় কাটিয়ে উঠতে পারেননি। কারণ পাকিস্তান যেভাবে ম্যাচটা হেরেছে তা অবিশ্বাস্য বললে কম বলা হয়। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২৭৭ রান করেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে আবিদ আলি ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৪১ ওভার শেষে ২ উইকেটে ২১৮ রান তুলে ফেলে পাকিস্তান। জেতার জন্য শেষ ৯ ওভারে মাত্র ৬০ রান দরকার ছিল। হাতে ৮ উইকেট। এমন পরিস্থিতিতে ৮ উইকেটে ২৭১ রানে থামে

পাকিস্তান। ৬ রানে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতে সিরিজে ৪-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। আজ শেষ ম্যাচ জিতলে ৫-০ তে সিরিজ জিতবে তারা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবেন গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘গত ১২ মাসে আমরা তেমন সাফল্য পাইনি। সেই পরিপ্রেক্ষিতে বিদেশের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারাটা দারুণ ব্যাপার হবে। এই দলটার জন্য ৫-০ তে সিরিজ জয়টা বিশেষ কিছু। আমার মনে হয় সত্যিকার অর্থেই এখানে ভালো ক্রিকেট খেলেছি। বিদেশের মাটিতে দলের প্রত্যেকে দারুণভাবে মানিয়ে নিয়েছে। এটা দারুণ দলীয় অর্জন।’ শুক্রবার ম্যাক্সওয়েল ৯৮ রানে রান আউট হন। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ায় তিনি যদিও হতাশ নন। বলেছেন, ‘সেঞ্চুরিটা পেলে দারুণ ব্যাপার হতো। তবে আজ (শুক্রবার) আমি যেভাবে খেলেছি তাতে খুব খুশি।’ পাকিস্তানের অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেছেন, ‘তারা (অস্ট্রেলিয়া) অসাধারণ বোলিং করেছে। আমাদের পাওয়ার হিটিংয়ে দুর্বলতা ছিল। আমাদের শট নির্বাচনেও দুর্বলতা ছিল। কিছু শট সেই পরিস্থিতিতে খেলা উচিত হয়নি। তবে দুটি সেঞ্চুরি ইতিবাচক ব্যাপার। আমি পাকিস্তানের অধিনায়কত্ব উপভোগ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত