জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান তরিকুল গ্রেপ্তার

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০২:০৩ এএম

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম তারেক ওরফে নাজমুস সাকিব নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার রাতে র‌্যাব-১১-এর একটি দল শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে প্রচুর উগ্রবাদী বই, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে তরিকুলকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামশের উদ্দিন জানান, তরিকুল প্রথম পর্যায়ে জেএমবির সামরিক শাখার সদস্য ছিলেন। জামালপুরে যমুনা নদীর চরসহ বিভিন্ন জায়গায় তিনি জেএমবির অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে তিনি ঢাকায় এসে আত্মগোপন করেন। দায়িত্বে থাকা দক্ষিণাঞ্চলের পাশাপাশি ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে জেএমবির দাওয়াতি কাজে মনোনিবেশ করে সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা করছিলেন তরিকুল। বর্তমানে তিনি জেএমবির দাওয়াতি শাখার দক্ষিণাঞ্চলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জামালপুরে যমুনা নদীর চরে জেএমবির নতুন একটি প্রশিক্ষণ শিবিরও খোলার কথা ছিল তার।

তরিকুলের বিরুদ্ধে বাগেরহাটের কচুয়া থানায় একটি, রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি, নরসিংদী সদর থানায় একটি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। যার সবগুলো সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনে করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত