গাজায় শিশুসহ ৫ বিক্ষোভকারীকে হত্যা করল ইসরায়েল

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০২:০০ পিএম

ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ বিক্ষোভের এক বছর পূর্তিতে শনিবার থেকে শুরু হওয়া এক বিক্ষোভে হামলা চালায় ইসরায়েলি সেনারা।

মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলের বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেয় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ফিলিস্তিনি ভূমি দখলের ৭০ বছর পূর্তিতে গত বছর ‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ বিক্ষোভ শুরু করেছিল গাজাবাসী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজনের বয়স ১৭, একজনের বয়স ১৩ এবং আরেকজন ২১ বছরের তরুণ। গুলি করে এবং বিষাক্ত টিয়ার গ্যাস ছুড়ে তাদের হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মিডল ইস্ট আই জানায়, গত বছরে শুরু হওয়া বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। সেভ দ্য চিলড্রেনের মতে, নিহতদের মধ্যে ৫২ জনই শিশু-কিশোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত