এসআই নিয়োগে অবিবাহিত থাকার শর্ত কেন অবৈধ নয়

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:৩৯ পিএম

পুলিশের এসআই (সাব-ইন্সপেক্টর) পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবিবাহিত থাকা এবং উচ্চ বংশ ও সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার শর্তের বিষয়টি কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্তে এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খানের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয়।

রিটকারীর আইনজীবী ইশরাত হাসান জানান, এসআই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে অবিবাহিত থাকা এবং শিক্ষানবিশকাল পার না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার পাশাপাশি প্রার্থীকে উচ্চ সামাজিক মর্যাদার ও সম্মানিত বংশের হতে হবে বলে পুলিশের প্রবিধানমালায় উল্লেখ রয়েছে। তিনি বলেন, ‘এসব শর্ত থাকার কারণে রিটকারীর শিক্ষাগত যোগ্যতা থাকার পরও এই পদে আবেদন করতে পারছেন না। এসব শর্ত সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত