গোয়ালন্দে যৌন হয়রানির দায়ে এইচএসসি পরীক্ষার্থীকে জরিমানা

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৭:০৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রবিন ওরফে রাব্বি নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাব্বি গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার সিরাজুল হকের ছেলে।

যৌন হয়রানির শিকার গোয়ালন্দ এফকে টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগে জানায়, কলেজে যাতায়াতের সময় রাব্বি তাকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে থাকে। গত ২৭ মার্চ কলেজের সামনে রাব্বি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া তার মোবাইল ফোনে ফোন করে কুপ্রস্তাব দেওয়াসহ অশ্লীল কথাবার্তা বলে। বাধ্য হয়ে সে তার পরিবারের সাথে আলাপ করে থানা পুলিশে লিখিত অভিযোগ করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু জানান, অভিযোগ পেয়ে রবিবার থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

তিনি আরো জানান, রাব্বি সোমবার থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করে তাকে শুধু জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত