কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় এইচএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না অসীমের

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৮:৩০ পিএম

সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র না পাওয়ায় অংশগ্রহণ করতে পারছে না অসীম সরকার। অসীম নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার হায়াতপুর গ্রামের বাদল সরকারের ছেলে এবং খালিয়াজুরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

অসীমের পিতা বাদল সরকার বলেন, কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে আমার ছেলের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের টাকাসহ সকল শর্ত পূরণ করলেও কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে তার প্রবেশপত্র আসেনি।

অসীম সরকার রোববার সকালে স্থানীয় সাংবাদিকদের জানান, আমি নিয়মিত পড়াশুনাসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে সব শর্ত পূরণ করেছি। কলেজে প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারি আমার প্রবেশপত্র আসেনি। আমার ফরম পূরণের টাকা নাকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুকূলে জমা প্রদান সম্পন্ন হয়নি।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আমাকে আরো আগে জানাতে পারতো। এখন আমার শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

খালিয়াজুরি কলেজের অধ্যক্ষ ফণী ভূষণ সরকারের কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, অনলাইনে তথ্য পূরণে ত্রুটিজনিত কারণে অসীমের ফরম পূরণের টাকা বোর্ডে জমা হয়নি। বিষয়টি জানার পর আমরা চেষ্টা করেছি। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। ফলে অসীমের প্রবেশপত্র সংগ্রহ করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত