বেনজেমার শেষ মুহূর্তের গোলে রিয়ালের রক্ষা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৮:৩৯ এএম

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হয়েস্কার বিপক্ষে শেষ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন করিম বেনজেমা। সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে ৩-২ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

রিয়াল বস জিদান এদিন তার ছেলে লুকাকে গোলরক্ষক হিসেবে খেলান। কিন্তু ৩ মিনিটের মাথায় তিনি গোল হজম করেন। লুকাকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন হুয়ান কামিলা এরনান্দেস।

২৫তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। দলকে ম্যাচে ফেরান মিডফিল্ডার ইসকো।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের সময় আলতো টোকায় ব্যবধান বাড়ান দানি সেবাইয়োস।

হয়েস্কাও ১২ মিনিট বাদে সমতায় ফিরে আসে। ডিফেন্ডার হাভিয়ের স্কোরলাইন ২-২ করেন।

এরপরই শুরু হয় রিয়ালের আক্রমণ। ফল আসে ৮৯তম মিনিটে। মার্সেলোর পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন স্ট্রাইকার বেনজেমা।

২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

জিদান ১১ মার্চ দলের দায়িত্ব নেওয়ার পর সব ম্যাচেই জয় পেলেন। এখনো ৯ ম্যাচ হাতে আছে তাদের। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ১২ পয়েন্ট পেছনে।

২০ দলের মধ্যে হয়েস্কা সবার শেষে। ২৯ ম্যাচে ২২ পয়েন্ট তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত