প্রতারণা করে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির দুদিন পর নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের আকমল শেখকে (৫০) উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় থেকে রোববার রাতে উদ্ধারের পর সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় আকমলকে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
আজমল শেখের স্ত্রী পলি বেগম বলেন, একমাস আগে এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া এক দুলাভাইকে খোঁজ করতে নড়াইল সদর উপজেলার ধোন্দা বাজারে আসে। সেখান থেকে আমার স্বামীর সাথে পরিচয় হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা বলতে বলতে ঘনিষ্ঠ হয়ে ওঠে। আমার স্বামীকে রংপুর বেড়াতে যাওয়ার জন্য বার বার অনুরোধ করায় গত ২৯ মার্চ তিনি বেড়াতে যান।
যাওয়ার পথে আমার স্বামীকে অজ্ঞাত স্থানে নিয়ে আমাদের কাছে মোবাইল ফোনে ১০ লাখ মুক্তিপণ দাবি করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে মো. আকমল শেখকে (৫০) ২৯ মার্চ অজ্ঞাত ব্যক্তি ফুসলিয়ে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করেন। পরে আকমল শেখের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন।
এ ঘটনায় আকমল শেখের পরিবার একটি অভিযোগ দায়ের করলে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর অবস্থান সনাক্ত করা হয়। ৩১ মার্চ পুলিশের একটি বিশেষ অপারেশন টিম পঞ্চগড় জেলার বোদা থানার বৈরতি গ্রাম থেকে অপহৃত আকমল শেখকে উদ্ধার করে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “পঞ্চগড় জেলার পুলিশের সহযোগিতায় অপহরণের শিকার আজমল শেখকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
