ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে শহরতলির ধর্মপুর আমতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আজহারুল হক আরজু বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যুবলীগ নেতা আরজু উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আরজুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার অনুষ্ঠিত ফেনী সদর উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান নৌকা প্রতীকে জয়লাভ করেন।
