নারীর সাফল্য উদযাপনে ‘ওয়াও ঢাকা উৎসব’

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:০৪ এএম

নারী-কিশোরীদের সফলতা ও অর্জন উদযাপন এবং বিশ্বজুড়ে তাদের চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) ঢাকা ফেস্টিভ্যাল’। যুক্তরাজ্যের ওয়াও ফাউন্ডেশনের অংশীদার হিসেবে ব্রিটিশ কাউন্সিল রাজধানী ঢাকায় প্রথমবারের মতো এ আয়োজন করছে। ৫ ও ৬ এপ্রিল বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব হবে। গতকাল সোমবার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন, হেড অব আর্টস নাহিন ইদ্রিস, মঙ্গলদ্বীপের প্রতিষ্ঠাতা সারা যাকের, লিপিং বাউন্ডারিজের প্রতিষ্ঠাতা পরিচালক সাগুফে হোসেন এবং বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাশাফি হোসেন।

সংবাদ সম্মেলনে অ্যান্ড্রিউ নিউটন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী ও কিশোরীদের ক্ষমতায়নে আমাদের কাজের অগ্রগতির ক্ষেত্রে ওয়াও ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, অন্তর্ভুক্তিমূলক, উদার ও সম্ভাবনাময় সমাজ বিনির্মাণের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নম্বর লক্ষ্য ‘জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন’ অর্জনের ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন অত্যন্ত প্রয়োজনীয়। সাংস্কৃতিক বোঝাপড়া শক্তিশালী করার ক্ষেত্রে যুক্তরাজ্যের চর্চা ও অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় পরিপ্রেক্ষিতে তা বাস্তবায়নের প্রভাবশালী মাধ্যম ওয়াও ফেস্টিভ্যাল।’

নাহিন ইদ্রিস বলেন, ‘আমাদের পরিকল্পনা : নারী ও কিশোরীদের অর্জনগুলো উদযাপনের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছানো। নারীরা তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনের ক্ষেত্রে যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং সফলভাবে সমাধান করেছেন, সহস্রাধিক নারীর সেই গল্প তুলে ধরার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করা।’

উৎসবে আন্তঃসাংস্কৃতিক সংলাপ, প্যানেল আলোচনা এবং কর্মশালা অনুষ্ঠিত হবে। থাকছে গল্প বলাসহ বিভিন্ন নারী দলের পরিবেশনা। এতে জেন্ডার বিষয় নিয়ে তথ্য, নারী উদ্যোক্তাদের কাজের প্রদর্শনী ও তাদের পণ্য বিক্রির জন্য স্টল থাকবে। দর্শকদের জন্য চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, অভিনয়, সংগীতায়োজন হবে। ২০১০ সালে লন্ডনে এ উৎসবের যাত্রা শুরু। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশগ্রহণের আগেই নিবন্ধন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত