দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বাড্ডায় মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে গিয়ে। মিছিলে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তাকে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছে সরকার। পছন্দের হাসপাতালে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। বরং যেখানে উন্নত চিকিৎসা দূরের কথা, চিকিৎসার আধুনিক সরঞ্জামাদিও নেই সেই হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে জনগণকে বারবার ধোঁকা দিচ্ছে। বিষয়টি তার জীবন নিয়ে ছিনিমিনি খেলারই শামিল। এই খেলা বন্ধ করে অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। মিছিলে অংশ নেওয়া দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।
×
