মাটির নিচে ২০০ বছরের পুরোনো গ্রাম, বাসিন্দা ৩ হাজার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ পিএম

চীনের হেনান প্রদেশের সানমেনশিয়া। সেখানে মাটির ২২-২৩ ফুট নিচের অদ্ভুত এক গ্রামে  বসবাস করছেন ৩  হাজার মানুষ। আর গ্রামটির বয়স প্রায় ২০০ বছর।

ঘরগুলোকে চীনা ভাষায় বলা হয় ‘ইয়ায়োডং’, যার অর্থ গুহাঘর। একেকটি ঘর লম্বায় ৩৩ থেকে ৩৯ ফুট পর্যন্ত হয়। এ এলাকায় এমন অন্তত ১০ হাজার ঘরের সন্ধান মিলেছে। তবে বেশির ভাগই বর্তমানে পরিত্যক্ত।

একটা সময়ে এখানে ২০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু আধুনিক সুযোগ-সুবিধার অভাবে ও প্রতিকূল জীবনযাত্রার চাপে অনেকেই এলাকা ছেড়ে চলে যান। বর্তমানে তা ঠেকেছে কয়েক হাজারে।

ঐতিহাসিকদের মতে, হেনান প্রদেশের সানমেনশিয়ায় ‘ইয়ায়োডং’-এ বসবাসের ইতিহাস ২০০ বছরের বেশি প্রাচীন নয়। তবে চীনের পার্বত্য এলাকায় আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগে, ব্রোঞ্জ যুগে এই ধরনের গুহা ঘর তৈরি করে বসবাস করতেন একদল মানুষ।

২০১১ সাল থেকে এই গ্রামটির সংরক্ষণের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। বর্তমানে গুহা ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগসহ সব রকম আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের দাবি, ‘ইয়ায়োডং’ ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না।

ঘরগুলোর আকর্ষণে ওই এলাকায় বর্তমানে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়ে গিয়েছে। পর্যটক টানার জন্য এখন ‘ইয়ায়োডং’ ভাড়া দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এক মাস থাকতে চাইলে গুনতে হবে ২১ ইউরো। পছন্দ হয়ে গেলে কিনেও নিতে পারেন গুহা ঘর। শীতাতপ নিয়ন্ত্রিত ‘ইয়ায়োডং’-এর দাম  ৩২ হাজার ইউরো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত