আইপিএল জুয়ায় ভারত নারী দলের সাবেক কোচ গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:০৪ পিএম

আইপিএল নিয়ে জুয়ার অভিযোগে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ তুষার আরোথ গ্রেপ্তার হয়েছেন। ভারতের গুজরাট রাজ্যের বড়োদরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৭ সালে ভারত নারী ক্রিকেট দল যখন বিশ্বকাপের ফাইনালে খেলে, তখন দলটির কোচের দায়িত্বে ছিলেন তুষার। তবে তার সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিরোধ ছিল। বিশেষ করে হারমানপ্রিত করের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। যার জেরে ২০১৮ সালে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয় তাকে।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই তুষারের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করে। ডিসিপি ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা জেএস জাদেজা এএনআইকে বলেন, ‘‘আমরা একটি ক্যাফেতে অভিযান চালিয়ে তুষার ও আরো ১৮জনকে গ্রেপ্তার করেছি।’’

৫২ বছর বয়সী তুষার আরোথ ১১৪টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৫১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ২০০৩ সালে তিনি শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। পুলিশ জানিয়েছে, আটককৃত সবার মোবাইল ও গাড়ি জব্দ করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত