এপ্রিলের ১১ তারিখে ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার কৃষকবান্ধব ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। মা সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সঙ্গে নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ইশতেহার প্রকাশ করেন বলে জানিয়েছে এনডিটিভি।
এ সময় কংগ্রেস সভাপতি বলেন, ‘এক বছর আগে যখন আমরা শুরু করেছিলাম, তখনই আমি পরিষ্কার করেছিলাম যে এক বর্ণও মিথ্যে বলা হবে না। কারণ আমরা এমন সময়ে বাস করছি যখন প্রতিদিন আমাদের বিপুলসংখ্যক মিথ্যে শুনতে হচ্ছে।’
ইশতেহারে বলা হয়, কংগ্রেস ক্ষমতায় এলে আগামী বছরের মার্চ মাসের মধ্যে ২২ লাখ সরকারি চাকরিক্ষেত্র সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য আলাদা এবং রেলওয়ের জন্যও বিশেষ বাজেট বরাদ্দ রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কোনো কৃষককে ঋণের টাকা দিতে না পারায় জেলে যেতে হবে না বলেও জানান রাহুল গান্ধী। ইশতেহার প্রকাশের সময় রাহুল গান্ধী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বলেন, দেশ এখন অর্থনৈতিক জরুরি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। আর এই পদক্ষেপের প্রথমেই দেশের দরিদ্রদের ক্রয় সক্ষমতা বাড়াতে হবে। কংগ্রেসের এই বাজেটে কৃষি ছাড়াও দেশের বেকারত্ব সমস্যা ও পররাষ্ট্রনীতির বিষয়ে প্রাধান্য দেয়া হয়।
