কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশরথ চন্দ্র রায় (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সোয়া ১১টার দিকে ফুলবাড়ী এলাকার পূর্ব চন্দ্রখানা গ্রামের মৃত খোকারামের ছেলে দশরথ চন্দ্র রায় বাড়ির টিনের চালে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজরিন আক্তার জানান, দুপুর ১২টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
