শয়তানি শক্তির উপস্থিতি আছে দাবি করে হ্যারি পটার সিরিজের বই পুড়ে ফেললেন পোল্যান্ডের একটি ক্যাথলিক গির্জার পাদ্রীরা। একই দোষে আরও কিছু বইয়ে আগুন দেওয়া হয়।
সংবাদ সংস্থা এপি জানায়, উত্তর পোল্যান্ডের গেডান্সক মাদার অব চার্চ প্যারিশে পোড়ানো বইপত্রের ছবি প্রকাশ করে ক্যাথলিক ফাউন্ডেশন এসএমএস জেড নেইবা নামক একটি খ্রিষ্টীয় প্রতিষ্ঠান। তারা একে ধর্মীয় কাজের অংশ হিসেবে উল্লেখ করেছে।
ছবিতে দেখা যায়, জে কে রাউলিংয়ের জনপ্রিয় হ্যারি পটার সিরিজের বইসহ পোড়ানো হয় আফ্রিকার কাঠের মুখোশ, ছোট আকারের বুদ্ধ প্রতিকৃতি ও হাতির ছোট ভাস্কর্য। অভিযোগ করা হয়, এই সব বই ও শিল্পকর্ম ‘শয়তানি শক্তি’ সংশ্লিষ্ট। কারণ এতে জাদুর প্রচার করা হয়।
প্যারিশ শহরের গির্জাটির পাদ্রীদের মতে, হ্যারি পটার সিরিজ জাদুবিদ্যার প্রচার করে। শহরবাসীকে জাদু ও অতিপ্রাকৃত বিষয় থেকে সতর্ক করতে আন্তর্জাতিক বেস্টসেলার এই বই পোড়ানো হয়েছে।
এদিকে বই পোড়ানোর ছবি ফেসবুকে ঝড় তুলেছে। অনেকেই একে নাৎসি জার্মানিদের সঙ্গে তুলনাও করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নির্দেশে এইভাবে নাৎসি বিরোধী বই পোড়ানো হতো। কারও কারও মতে, এই ঘটনা ঘৃণা শিক্ষা দিচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে মধ্যযুগের মতো ডাইনি খুঁজে পুড়িয়ে মারা।
