বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশের শিশুদের আয়ু ৩০ মাস করে কমিয়ে দিচ্ছে বিষাক্ত বায়ু। বায়ুদূষণের বৈশ্বিক অবস্থা পর্যবেক্ষণকারী সংস্থা হেল্থ এফেক্ট ইনস্টিটিউটের (এইচইআই) ‘স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
বায়ুদূষণের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ভারত ও চীনে। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে বায়ুদূষণে মৃত্যুর অর্ধেকই এই দুই দেশে!
২০১৭ সালে ভারতে বায়ুদূষণের জন্য মৃত্যু হয় ১২ লাখ মানুষের। চীনেও সংখ্যাটা একই। ওই বছর গোটা বিশ্বে বায়ুদূষণে মৃতের সংখ্যা ছিল ৫০ লাখ।
বায়ুদূষণের জন্য মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বের যে ১০টি রাষ্ট্রে, তার মধ্যে এশিয়ার দেশই রয়েছে ৬টি। ভারত ও চীন ছাড়াও সেই তালিকায় রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ফিলিপাইন। ওই তালিকায় আফ্রিকার একটি দেশ রয়েছে, নাইজেরিয়া। আর রয়েছে আমেরিকা, রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
বায়ুদূষণের জন্য ২০১৭ সালে পাকিস্তানে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ২৮ হাজার। বাংলাদেশে ১ লাখ ২৩ হাজার।
যারা বায়ুদূষণের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য নিত্যনতুন প্রযুক্তি ও জ্বালানির উদ্ভাবন করছে, সেই আমেরিকা ও রাশিয়ার মতো উন্নত দেশে মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১ লাখ ৮ হাজার এবং ৯৯ হাজার।
