রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় আবরার আহাম্মেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায়, তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল তা স্থগিত চেয়ে আপিল করা হয়েছে।
বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ওই বাসের মালিক এ আবেদন করেন বলে জানান এ ঘটনায় হাইকোর্টে রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
গত ১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণির বসুন্ধরা এলাকায় সুপ্রভাতের বেপরোয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর মৃত্যু হয়। এ ঘটনার পরদিন বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আদালত তাকে রিট আবেদনের নির্দেশ দিলে ওই দিনই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন এই আইনজীবী।
শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকলদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন আদেশে আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দেন। পাশাপাশি আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এছাড়া সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
