ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুমকি নেত্রীর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১০:১৪ পিএম

শর্ত ভেঙে সংবিধান পরিবর্তন করলে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মেহবুবা এক সময় বিজেপির জোটসঙ্গী ছিলেন। এখন তার সঙ্গে ক্ষমতাসীনদের সাপে-নেউলে সম্পর্ক।

বুধবার জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর মেহবুবা বলেন, ‘জম্মু-কাশ্মীর যে শর্তে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে ভারতের সঙ্গে কোনও সম্পর্কই রাখবে না কাশ্মীর।’

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভারতের সংবিধান থেকে ৩৭০ এবং ৩৫এ বাতিল করার কথা বলেছেন। তিনি জানান, ২০২০ সাল নাগাদ এটি বাতিল করা হবে। সেটি হলে কাশ্মীর বেশ সমস্যায় পড়বে বলে মনে করেন এই নেত্রী।

এদিন তিনি বললেন, ‘আমি মনে করি ২০২০ সালের জন্য বিজেপির প্রস্তুত থাকা উচিত। শর্ত বাতিল করে কাশ্মীরকে রাখতে চাইলে, সেটি হবে না। আমরা দেশ থেকে আলাদা হয়ে যাব। তখন তাদের বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি সেই যুদ্ধের নেতৃত্ব দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত