পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওর এলাকায় স্থায়ীভাবে ফসলরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গতকাল বুধবার সকালে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
সুনাগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকার সকল নদ-নদী খনন কাজ শেষ হয়ে গেলে ফসলরক্ষার জন্য আর কোনো প্রকল্প প্রয়োজন হবে না। খুব দ্রুত নদী খননের কাজ হাতে নেওয়া হবে। হাওর রক্ষা বাঁধের কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবার হাওরের বাঁধের কাজ গতবারের চেয়ে ভালো হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ।
এদিকে গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাঙনকবলিত দিঘলবাগে কুশিয়ারা নদীর তীর পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, নদীভাঙন রোধে শুধু বাঁধ দিলেই হবে না, স্থায়ী সমাধানের জন্য নদীকে শাসন করতে হবে। শুধু বাঁধ দিয়ে নদীভাঙন ঠেকানো যাবে না। তবে আপাতত যাতে বাড়িঘর আর না ভাঙে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেবে সরকার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।
