আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকার পদত্যাগের পর দেশটির সাধারণ জনগণ বিজয়োল্লাস করছে বলে জানিয়েছে আলজাজিরা। গত মঙ্গলবার রাতে ৮২ বছর বয়সী বুতেফ্লিকা রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এপিএসকে এক লিখিত চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির সেনাপ্রধান দাবি করেন সেনাবাহিনী প্রেসিডেন্টকে উৎখাত করেছে।
রাজধানী আলজিয়ার্সের মরিস অডিন স্কয়ারে ওই ঘোষণার পরপরই আনন্দমিছিল করে বিক্ষোভকারীরা। প্রায় এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাজপথে অবস্থান করছেন। এ সময় বিক্ষোভকারীদের ‘এই দেশ আমাদের এবং আমরা যা ইচ্ছে তাই করব’ গান গাইতে শোনা যায়।
২৬ বছর বয়সী ইউসেফ বিশ্বাস করেন বুতেফ্লিকার পদত্যাগের মধ্য দিয়ে আলজেরিয়াতে নতুন যুগের সূচনা হবে। তিনি আরও বলেন, ‘আলজেরিয়ার মানুষদের জন্য আজ নতুন দিন। আলজেরিয়ার ইতিহাসে ২ এপ্রিল ‘রেড লেটার’ দিবস হিসেবে পালিত হবে। যেমন : জুলাইয়ের ৫ তারিখ আমাদের স্বাধীনতা দিবস।’
তবে প্রেসিডেন্ট পদত্যাগ করলেও বিক্ষোভকারীদের একাংশ দেশে সত্যিকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে।
