কাস্টমস কর্মকর্তার ছদ্মবেশে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন। এর আগে ওই ছয়জনকে আদালতে হাজির করে রাজধানীর দারুস সালাম থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক এস এম এলিস মাহমুদ।
অপরদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- নুরুল হক (৫৭), মো. শেখ আলম (৪৩), ফিরোজ আলম (৫৭), মোশারফ (৫৪), মাসুদ রানা (৪৩) ও রেনু মিয়া ওরফে রনি (৩৮)।
এর আগে গত ২ এপ্রিল রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
