চাতাল কল বন্ধ হয়ে যাওয়া একটি সাময়িক সমস্যা। বর্তমানে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমাদের চালের চাহিদা কমেছে। চাতাল কল কখনো বন্ধ হবে না। তৃণমূলে চালের দাম বাড়াতে এবং কৃষকদের লাভবান করতে গভীরভাবে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর পৌরসভার ১৫০বছর পূর্তি উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষিকে লাভজনক করতে কৃষিকে আধুনিকীকরণ করার ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। শেরপুরের সুগন্ধি চাল এখন বিদেশে রপ্তানি হচ্ছে। চাল উৎপাদন করে শুধু খাওয়া নয়, বিদেশে রপ্তানি করে আমরা জীবনযাত্রার মান উন্নত করবো।
সমাপনী অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক এমপিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
