মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে বার্সেলোনা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১২:২৯ পিএম

দারুণ ফর্মে থাকা লিওনেল মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিতে বার্সেলোনা পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তার মতে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে কাতালান ক্লাবটির সম্পর্ক চিরদিনই থাকবে।

বার্সেলোনার সঙ্গে মেসি সবশেষ চুক্তি করেন ২০১৭ সালে। ২০২১ সালে শেষ হবে এই চুক্তির মেয়াদ। এর আগেই পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ভাবতে শুরু করেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পেশাদারী ফুটবলে বার্সেলোনায় অভিষেক হয় মেসির। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। সময়ের সঙ্গে হয়ে ওঠেন বিশ্বসেরা।

চলতি মৌসুমেও স্বরূপে ৩২ বছর বয়সী মেসি। সব ধরনের প্রতিযোগিতায় এরই মধ্যে করেছেন ৪২ গোল। এর মধ্যে লা লিগায় করেছেন ৩২ গোল। ক্লাবের সর্বকালের সবচেয়ে বেশি গোল করা মেসির সঙ্গে নতুন চুক্তি প্রসঙ্গে বার্তোমেউ বলেন, “আমরা তার অনেক লম্বা ক্যারিয়ার চাই, যাতে করে তার খেলা উপভোগ করে যেতে পারি।”

“সে তার সীমানা ছাড়িয়ে যেতে পেরেছে। সবাই তার প্রশংসা করে। প্রতিপক্ষের সমর্থকরাও তার উচ্ছ্বসিত প্রশংসা করে।”

“আমরা চুক্তি নবায়ন করতে চাই। এটা আমাদের ভাবনায় আছে। সে এখনও তরুণ। তার পারফরম্যান্সের দিকে তাকালে আপনি এটা দেখতে পাবেন। বর্তমান চুক্তি শেষ হতে এখনও দুই বছর বাকি। সে সবসময়ই উন্নতি করছে। সবসময় নতুন কিছু দেখাচ্ছে। আমি বিশ্বাস করি, এখনও তার সামনে অনেক বছর পড়ে আছে। আসছে মাসগুলোতে আমরা তার সঙ্গে বসবো, যাতে সে বার্সেলোনায় আরো অনেক বছর থাকে।”

“মেসি হচ্ছে এক ক্লাবের খেলোয়াড়। মাঠে সে যাই করুক বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা এর চেয়ে বেশি কিছু। এটা সবসময় থাকবে। আমরা উদাহরণ হিসেবে পেলের কথা বলতে পারি। তিনি সবময় সান্তোসেই ছিলেন। মেসিও সবসময় বার্সেলোনাতেই থাকতে চায়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত