নাচতে রাজি না হওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল স্বামী: পাকিস্তানে হৈচৈ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৫:২১ পিএম

সহকর্মীদের সামনে নাচতে রাজি না হওয়ায় পাকিস্তানে এক স্বামী তার স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন। এ ছাড়া তাকে মারধর ও বিবস্ত্র করার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় প্রথমে মামলা নিতে অস্বীকার করে পুলিশ।

বিশ্বে নারী নির্যাতনে এগিয়ে থাকা পাকিস্তানজুড়ে এ ঘটনায় হৈচৈ চলছে বেশ কয়েকদিন ধরে। মন্ত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পী সবাই জড়িয়েছেন এ ঘটনায়।  

ওই নারীর নাম আসমা আজিজ। লাহোরের অভিজাত ডিফেন্স হাউজিং অথরিটির (ডিএইচএ) বাসিন্দা তিনি। ২৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তার ন্যাড়া মাথা এবং সারা মুখে মারধরের চিহ্ন দেখা যায়।

পুলিশ তার স্বামী মিয়া ফয়সাল ও এক গৃহভৃত্যকে আটক করেছে। ফয়সাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বলে জানায় দ্য ডন।

আসমার আজিজের ওপর নির্যাতনের এ ঘটনা পাকিস্তানের সংবাদমাধ্যমে তুমুল বিতর্ক তুলেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় পাকিস্তানে ঘরে ঘরে নারীদের প্রতি সহিংসতার চিত্র নতুন করে সামনে নিয়ে এসছে বলে মন্তব্য করেছে ।

টুইটারে পোস্টকরা ভিডিওতে আসমা আজিজ বলেন, দুইদিন আগে নিজ বাড়িতে স্বামীর বন্ধুদের সামনে নাচতে রাজি না হওয়ায় তাকে নির্যাতনের শিকার হতে হয়।

“সে তার ভৃত্যদের সামনেই আমার কাপড় খুলে নেয়। ভৃত্যরা আমাকে ধরে রাখে এবং সে আমার মাথা ন্যাড়া করে চুল আগুনে পুড়িয়ে দেয়। আমার কাপড় রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এবং সে আমাকে নগ্ন করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়।”

স্বামীর নির্যাতনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলেও অভিযোগ আসমার। তিনি ভিডিওতে সবার প্রতি তাকে সাহায্য করার আবেদন করেন।

আসমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানতে পেরে পুলিশকে অভিযোগে গ্রহণের নির্দেশ দেন।

আসমার আইনজীবীরা বুধবার লাহোর পুলিশের কাছে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

গত সপ্তাহে পুলিশি জিজ্ঞাসাবাদে ফয়সাল বলেন, তার স্ত্রী মাদক গ্রহণের পর নিজের চুল নিজেই কাটতে শুরু করে। ওই সময় তিনি শুধু স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করেছেন। তিনি নিজেও তখন নেশাগ্রস্ত ছিলেন বলেও জানান ফয়সাল।

এ ঘটনার পর কে বা কারা আসমা আজিজের নাচের একটি ভিডিও ছড়িয়ে দেন। এর নিন্দা করে দেশটির গায়িকা সানাম সাইদ। তিনি বলেন, নাচের ভিডিও দিয়ে তার ওপর নির্যাতনকে সামাজিকভাবে বৈধ করার চেষ্টা হচ্ছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত