চুয়াডাঙ্গার দামুড়হুদায় অ্যাম্বুলেন্স ও সাতক্ষীরার তালায় পেঁয়াজভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পৃথক অভিযানে ওই সব মাদক উদ্ধার করা হয়।
চয়াডাঙ্গা : জেলার দামুড়হুদায় একটি অ্যাম্বুলেন্স থেকে ১০০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার প্রতাপপুর গ্রামের গলায়দড়ি ব্রিজের কাছ থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একপর্যায়ে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা পাওয়া যায়।
সাতক্ষীরা : এদিকে সাতক্ষীরায় পেঁয়াজভর্তি একটি ট্রাক থেকে ১ হাজার ৪৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ। আটক ট্রাক ড্রাইভার রেজাউল করিম বাবু কালীগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে। চালক বাবুর সহকারী শফিকুল ইসলাম সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। ভোমরা থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১০১) ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
