নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। ২৮ বছর বয়সী ট্যারান্ট বিচারের মুখোমুখি হতে মানসিকভাবে ‘উপযুক্ত’ কি না তা যাচাইয়ে বিচারক ক্যামেরন ম্যান্ডের এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বিশেষজ্ঞরা অপরাধবিধি অনুসরণ করেই ট্যারান্টকে পরীক্ষা করবেন। অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারান্টের বিরুদ্ধে ৫০ জনকে খুন ও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদ দমন আইনে অভিযোগ আনা হবে কি না তা এখনো জানা যায়নি। ক্রাইস্টচার্চে হামলায় গ্রেপ্তার এ সন্দেহভাজন গতকাল শুক্রবার কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেয়। বিচারক, আইনজীবীদের পাশাপাশি এ সময় আদালতকক্ষে হতাহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। স্বল্পকালীন এ শুনানিতে ট্যারান্ট কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি। ভিডিওতে যোগ দেওয়া অভিযুক্ত ক্যামেরায় বিচারক ও তার আইনজীবীদের দেখার সুযোগ পেলেও ট্যারান্টের ক্ষেত্রে ক্যামেরা বিচারকক্ষে উপস্থিত দর্শনার্থীদের দিকেই ঘোরানো ছিল।
×
