পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা: প্রধান শিক্ষক কারাগারে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:২৪ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমকে (৫৫) আটক করেছে পুলিশ।

তার বাড়ি একই গ্রামে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মেয়েটি অন্তঃসত্ত্বা বলে জানান। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় তার স্কুলের প্রধান শিক্ষক জড়িত বলে মেয়েটি জানায়।

মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুল করিমকে থানায় নিয়ে আসে। 

দাগনভূঞা থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান জানান, অভিযুক্ত শিক্ষককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে শিক্ষক আবদুল করিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত