খুলনার কয়রা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান সিরাজ (৩৩) নামে স্থানীয় পত্রিকার একজন সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কয়রা উপজেলা সদরের ছেদুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত শাহজাহান খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের কয়রা প্রতিনিধি ও স্থানীয় যুবলীগ নেতা। তিনি মহারাজপুর গ্রামের মৃত শামসুর রহমান বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ধারালো দাসহ মো. শাহীনকে (২২) আটক করেছে। তিনি উপজেলা নির্বাচনে সদ্য বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলামের জামাইয়ের ছোট ভাই।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৩১ মার্চের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিএম মহসীন রেজা দলের বিদ্রোহী প্রার্থী এস এম শফিকুল ইসলামের কাছে পরাজিত হয়। এরপর থেকেই বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের ক্যাডাররা নৌকা প্রতীকের প্রার্থী জিএম মহসীন রেজার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে।
শুক্রবার রাত ৯টার দিকে মহসীন রেজার সমর্থক শাহজাহান উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
তিনি ছেদুর ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা ২৫/৩০ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে শাকবাড়ীয়া নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
