যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:০৬ পিএম

যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামসুল আলম। তার স্ত্রী মাহফুজা আলম দিশাকে আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দিশার বাবা বাদী হয়ে ওই চিকিৎসক ও তার দুই স্বজনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা করেছেন। মামলার অপর দুই আসামি হলেন শামসুলের বড়বোন লুৎফা বেগম ও ভগ্নিপতি আকরাম মণ্ডল। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

দিশার বাবা রাজবাড়ী আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর সদর উপজেলার ঘোরপালান গ্রামের রায়হান মোল্লার চিকিৎসক ছেলে শামসুল আলমের সঙ্গে দিশার বিয়ে হয়। সম্প্রতি শামসুল আলম তার মেয়ের কাছে দশ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় দিশাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন শামসুল।

এরপর গত ৩ এপ্রিল রাতে শামসুল ও তার দুই স্বজন দিশার বাবার বাড়িতে এসে পুনরায় যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শামসুল ও তার ওই দুই স্বজন দিশার তলপেটে লাথি মারে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন দিশার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক বিশ্বাস জানান, আবাসিক চিকিৎসক শামসুল আলমের পারিবারিক ঝামেলা চলছে। মামলা হওয়ার পর থেকে তিনি হাসপাতালে অনুপস্থিত। শামসুল আলমের স্ত্রী দিশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত