গাজীপুরের কালীগঞ্জে ‘ইয়াবাসহ’ পুলিশের হাতে আটক পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৩৮) ও অপর একজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটকের পর গতকাল শনিবার ছেড়ে দেওয়া হয়।
ওই যুবলীগ নেতাকে আটকের পর পুলিশ জানিয়েছিল, তার কাছে তিন থেকে চারটি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। কিন্তু গতকাল ছেড়ে দেওয়ার পর পুলিশ জানায়, তার কাছে কিছুই পাওয়া যায়নি। তদবির ছিল, তাই ছেড়ে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের সøুইচ গেইট এলাকায় উপপরিদর্শক (এসআই) আবদুর রহমানের নেতৃত্বে এসআই সোহেল মোল্লাসহ অন্যরা মাদকবিরোধী অভিযানে যায়। ওই সময় ওই এলাকা থেকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের বাসিন্দা ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও একই গ্রামের শরীফ হোসেনকে (৩৫) আটক করা হয়।
