রাজধানীর কারওয়ানবাজারে যাত্রীবাহী বিকল্প পরিবহনের বাস নিয়ন্ত্রণ হরিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের যন্ত্রসামগ্রীকে ধাক্কা দিলে জরিনা বেগম (৬০) নামে বাসের এক নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে বেবী আক্তার (৩০) আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে কারওয়ান বাজার নর্দার্ন ইউনিভার্সিটির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের যন্ত্রসামগ্রীর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসে থাকা মা-মেয়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন। আর আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহত বেবী আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তারা থাকেন মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে।
×
