ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৬:২৩ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনের ১৩ তম দিনে রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালু হলেও তাতে অংশ না নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার বরিশাল জেলার সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, আন্দোলনকারী শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়। এতে প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ড. এস এম ইমামুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করার আশ্বাস দেওয়া হয় এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়। তবে সব ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালু হবে। সে অনুযায়ী আজ সকালে তা চালু হয়। হলগুলোও আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। তবে মেডিকেল সার্ভিস বন্ধ রয়েছে এবং বিশ্ববিদ্যায়ের মেডিকেলে তালা ঝুলছে। এ ব্যাপারে প্রক্টর সুব্রত কুমার দাস কিছু জানেন না উল্লেখ করে সাংবাদিকদের বলেন, এমন ঘটনা ঘটলে সেটা রেজিস্ট্রার এর ব্যাপার এবং তার এখতিয়ারের বাইরে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসিনুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে শিক্ষার্থীরা ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে অংশগ্রহণ না করে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। অন্যদিকে বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, উপাচার্যের পদত্যাগ বা তার ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত ক্লাসে ও একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নেবেন না। আন্দোলন থেকেও সরে আসবেন না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত