বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে বর্তমান সরকারের সময়েই অন্তত ৩ কোটি যুবকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘যুবদের দৃষ্টিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক যুব সম্মেলন -২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হবার পাশাপাশি শিল্পায়নেও দ্রুত এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন বহুগুণে সক্ষম একটি দেশ। দেশের সকল বিভাগ তথ্য-প্রযুক্তি (আইটি) সক্ষমতার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পজোন গড়ে তোলা হচ্ছে। এই কাজগুলোর জন্য বর্তমান সরকারের সময়েই অন্তত ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে।
দক্ষ যুব শক্তিতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে ভাল অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, দেশের যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একদিকে যেমন দেশের কোন যুবক আর বেকার থাকবে না, অন্যদিকে বাংলাদেশও আগামী ২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী উন্নয়নশীল দেশে পরিণত হবে।
যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণের আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশ সেবায় তাঁর গোটা জীবন নিঃশেষ করে গেছেন। পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারেননি। তাঁর জীবনের বেশিরভাগ সময়ই তিনি জেলখানাতে কাটিয়েছেন। যুব সমাজকে বঙ্গবন্ধুর মতো সৎ ও আদর্শবান হতে হবে। বঙ্গবন্ধু আর মাত্র ১০ বছর বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে থাকতো বলে মন্তব্য করেন মন্ত্রী।’
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
