নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পোরশা উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) এবং একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ও রতন গরু আনতে ভারতে যায়। রবিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতের কেদারী পাড়া ৬০ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের ধাওয়া করে।
এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলারের ৪০০ গজ ভারতের অভ্যন্তরে কদমতলা থেকে তাদেরকে আটক করে।
এ বিষয়ে নওগাঁর পত্নীতলা-১৪ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী জানান, তাদেরকে আটকের পর ভারতের মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পতাকা বৈঠক হতে পারে বলে জানান তিনি।
