নেত্রকোনায় ভাগনিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পনেরো বছরের ভাগনিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে তার দূর সম্পর্কের মামার বিরুদ্ধে।

এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক সাইকুল ইসলামকে আসামি করে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বাড়ি আসে। উপজেলার চন্ডিগর ইউনিয়নের ধানশিরা গ্রামের দুলাল মিয়ার পুত্র সাইকুল ইসলাম (২১) প্রায় সময়ই তাকে উত্ত্যক্ত করতো।

শনিবার দুপুরে কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে বখাটে মামা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ধর্ষিতাকে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে।

এই ঘটনার পর থেকেই মামলা না করার এবং স্থানীয়ভাবে মীমাংসার জন্যে বখাটে মামার পরিবারের লোকজন ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ঘটনায় দিন রাতে একটি মামলা দায়ের হয়েছে। দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্যে রবিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত