বঙ্গবন্ধুর নামে সাহিত্যকর্মে ট্রাস্টের অনুমতি লাগবে না

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যেকোনো নাটক, সাহিত্যকর্ম ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই। ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে ট্রাস্টের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংস জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নাটক, লেখালেখি ও সাহিত্যকর্ম বা ক্রীড়া অনুষ্ঠান করলে ট্রাস্টের অনুমতির প্রয়োজন পড়বে না বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে কোন প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে অনুমোদন নিতে হবে।

সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পর্যালোচনা ও ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং মোট ৫০ হাজার ২শ’ টাকা শিক্ষা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, বঙ্গবন্ধুর নাতি রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, সাংসদ শেখ হেলাল উদ্দিন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত