দুর্নীতির দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ‘রাজনৈতিক’ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তার অন্যতম আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রবিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। খন্দকার মাহবুব বলেন, ‘আমি বারবার বলেছি, প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক বিষয়। খালেদা জিয়া প্যারোলে যাবেন কি না বা সরকার প্যারোল দেবে কি না এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আইনজীবী হিসেবে বলতে পারি চিকিৎসার জন্য প্যারোল হয়। আর আমরা চাই খালেদা জিয়া আইনগতভাবে মুক্তি পান।’
তিনি আরও বলেন, ‘ভারত পাকিস্তানে প্যারোলে মুক্তির নজির আছে। রাজনৈতিক অঙ্গনে প্যারোল প্রায়ই দেখা যায়।’
খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকলেও সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিনে মুক্তি কঠিন হবে। এখনো দুটি মামলায় (জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা) তার জামিন বাকি আছে। ইতিমধ্যে কোন মামলা না দিলে এবং ওই দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্তি পাবেন।’
এ সময় খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের কাছে কোন আবেদন করা হয়নি।
এদিকে খন্দকার মাহবুবের এমন বক্তব্যের প্রেক্ষিতে দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়টি সব সময় সরকারের বিষয়। কোন আসামির নিকটাত্মীয় মারা গেলে, বা অন্য কোন কারণে প্যারোল দেওয়ার ক্ষমতা তো আইনেই আছে।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মানবিক দিক বিবেচনা করে তার প্যারোলে মুক্তির বিষয়টির কথা বলেছিলেন। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। কিন্তু তারা (বিএনপি) এটি বাঁকা চোখে দেখছেন।’
