হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। প্রথম শো ‘নভ্যা’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ক্যারিয়ার ঠিক পথে এগোলেও গত কয়েক মাস ধরে অভিনেত্রী সৌম্যা শেঠের ব্যক্তিজীবনে অশান্তির ছায়া।
সোশাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্ট থেকে দাম্পত্যে বিচ্ছেদেরও ইঙ্গিত মিলেছে।
সৌম্যা লেখেন, “আট বছর আগে তিনি যখন ‘নভ্যা’র অফার পেয়েছিলেন তখন তার ২১ বছর বয়স। তিনি বিশ্বাস করতেন, ভালবাসা সব কিছু বদলে দিতে পারে। সকলের ভালবাসা পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মায়ের সঙ্গে থাকতেন তখন, যারা সব খারাপ পরিস্থিতি থেকে আগলে রাখতেন মেয়েকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হিংসা, ঘৃণা, অসাম্য, শারীরিক হেনস্থা চোখে পড়তে থাকে।”
সৌম্যার কথায়, মুখে সুন্দর, কিন্তু মনের দিক থেকে খারাপ মানুষদের চিনতে শুরু করেন তিনি। দীর্ঘ দিনের প্রেমিক অরুণ কাপুরকে ২০১৭-এ বিয়ে করেন অভিনেত্রী। সে বছরই ছেলের মা হন। ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও অরুণের ছবি প্রায় নেই তার ওয়ালে।
সৌম্যা লিখেছেন, “আট বছর পর এখন আমার মনে হয়, প্রিন্স চার্মিং এখনকার দিনে অত্যন্ত খারাপ একটা ভাবনা। মেয়েদের নিজের হৃদয়ের কথা শোনা উচিত। কোনো পুরুষের ওপর মেয়েদের ভালো থাকা নির্ভর করতে পারে না। আসলে সততার অনেক দাম দিতে হয়। সততা যন্ত্রণার, বোকামির…।”
গত বছর জুন মাস থেকে ছেলেকে নিয়ে স্বামীর থেকে আলাদা বাড়িতে থাকেন সৌম্যা। সে খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী।
