মির্জা আব্বাস দম্পতিকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৮:১৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে দেশের বাইরে যাওয়া-আসার সময় বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মির্জা আব্বাস দম্পতির করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুজনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। গত ৪ এপ্রিল হাইকোর্টে এ আবেদন করা হয়।

আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, চিকিৎসার জন্য ১০ এপ্রিল মির্জা আব্বাস দম্পতি সিঙ্গাপুর যাবেন। এর আগে বিদেশ যাওয়ার সময় দুজনকে বাধা দেওয়া হয়েছিল। সেই আশঙ্কা থেকে হাইকোর্টে আবেদন করেছিলেন তারা। শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত