‘দেশকে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সরকার’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৮:৫১ পিএম

সরকারের ফ্যাসিবাদী আচরণ দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চোখের সামনে অন্যায় দেখে মানুষ যাতে তার প্রতিবাদ না করে সে জন্য সরকার হামলা, মামলা ও গ্রেপ্তারের তৎপরতা সীমাহীন মাত্রায় বৃদ্ধি করেছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী এবং অধ্যাপক আমিনুল ইসলাম মামলার হাজিরা দিতে গেলে সোমবার আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ আজ অধিকারহারা। তাদের সাংবিধানিক অধিকার গুলোকে ধুলায় লুটিয়ে দিয়েছে। দেশে এক ভয়ের রাজত্ব কায়েম হয়েছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় বাকশাল কায়েম করতে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দেওয়া হচ্ছে। এরপর করা হচ্ছে কারাবন্দী।

মির্জা আলমগীর বলেন, সকল অপকর্ম ও দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে। জনগণ আর হাত গুটিয়ে বসে থাকবে না। জনগণ গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে অঙ্গীকারবদ্ধ।

বিএনপি মহাসচিব অবিলম্বে রফিকুল ইসলাম হিলালী এবং অধ্যাপক আমিনুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত