নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টাকারীসহ গাড়ির চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন- ধর্ষণের চেষ্টাকারী সোলেমান (২২), গাড়ির চালক হাবিবুর রহমান (৪২) ও হেলপার জয় (২৩)।
সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় রজনীগন্ধা পরিবহনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রী সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষে মায়ের জন্য টেইলারিং কাজের সুতা কিনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে শিমরাইল মোড়ে যাওয়ার জন্য রজনীগন্ধা পরিবহনের বাসে ওঠে। বাসটি মহাসড়কের শিমরাইল ইউটার্ন (ডাচবাংলা ব্যাংক) এলাকায় সকল যাত্রীরা নেমে যায়। এ সময় মেয়েটি শিমরাইল মোড়ের ফুটওভার ব্রিজে নামার জন্য বাসের হেলপারকে বলে। এ সময় সোলেমান নামে এক যুবক মেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।
ওই সময় চিৎকার করতে গেলে মেয়েটির গলা টিপে ধরে ধর্ষণের চেষ্টাকারী সোলেমান। এ সময় গাড়ি কাঁচপুর সেতুর নিচে নিয়ে গেলে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ধর্ষণের চেষ্টাকারী সোলেমান, গাড়ির চালক হাবিবুর রহমান ও হেলপার জয়কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ রজনীগন্ধা পরিবহনের ওই বাসটিও আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ।
আটক সোলেমান পটুয়াখালী জেলার বাউফল থানার কামারপাড়া এলাকার লোকমান সরকারের ছেলে। সে ঢাকার যাত্রাবাড়ী মীর হাজারীবাগ এলাকায় বসবাস করে।
