রাজধানীর বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আলোচিত ওই ঘটনার শিকার একজনকে গতকাল সোমবার জেরার দিন ধার্য ছিল। আসামিপক্ষের এক আইনজীবী অসুস্থ থাকায় জেরা পেছানোর জন্য সময় আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে জেরা ও সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। এদিন আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে সাফাতের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন ট্রাইব্যুনালে হাজিরা দেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার প্রয় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় মামলা করেন এক ভুক্তভোগী। এরপর ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে ৪৭ জনকে সাক্ষী করা হয়। একই বছর ১৩ জুলাই ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাফাত ও নাঈমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারা এবং অন্য আসামিদের বিরুদ্ধে ৯(১)-এর ৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়।
