চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক আলমসাধু চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা রেলবাজার থেকে বালুভর্তি একটি ট্রাক বড় বাজারের দিকে আসছিল। এসময় ট্রাকের পেছন দিক থেকে একই দিকে যাওয়া একটি আলমসাধু দ্রুতগতিতে ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি উল্টে যায়। উল্টে গিয়ে আলমসাধু চালক ছিটকে পড়েন ট্রাকের চাকার নিচে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমসাধু চালক।
ওই আলমসাধুতে আরও দুজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনায় নিহত আলমসাধু চালক ও আহত যাত্রীর নামপরিচয় জানা এখনো জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই ট্রাক এবং ট্রাক চালক পুলিশি হেফাজতে রয়েছে।
