ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:২৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তথা বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন। আরব নিউজ জানায়, এর মাধ্যমে ওয়াশিংটন প্রথমবার কোনো দেশের সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিল।

এই পদক্ষেপকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে ট্রাম্প জানান, ইরান সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করে, এর সঙ্গে বিপ্লবী গার্ডও যুক্ত। অর্থ সাহায্যের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ প্রচার করে।

তিনি আরও বলেন, “ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী প্রচারণা পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম বিপ্লবী গার্ড।”

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বেরিয়ে আসার পর ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এবার দেশটির শক্তিশালী এই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র।

এর আগেও মানবাধিকার খর্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থনের অভিযোগ যুক্তরাষ্ট্র বিপ্লবী গার্ড ও এর সঙ্গে সংযুক্ত সংস্থার অংশবিশেষের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বরাত দিয়ে এএফপি ঘোষণাটির খবর দেয়। তখন বলা হয়, ইরানের সামরিক বাহিনীর অন্যতম অংশ বিপ্লবী গার্ডকে ‘একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকেরা বলছেন, এমন ঘোষণার ফলে ইরানি সরকারের ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

ইসলামি বিপ্লবের পর ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী বিপ্লবী গার্ড গঠিত হয় ১৯৭৯ সালে। বলা হয়ে থাকে দেশটির রাজনীতি ও অর্থনীতিতে এই বাহিনীর গভীর প্রভাব রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত