চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ মো. আকবর (৩৫) ও মো. হানিফের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন।
নিহত আকবর ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে এবং হানিফ একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে।
ইপিজেড থানার ওসি নুরুল হুদা জানান, নিহতদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নৌকাডুবির ঘটনায় সাদিয়া টেকনো বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার জুলধা ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টে কর্মরত শেরপুরের হাবিব (৩০) নিখোঁজ রয়েছেন।
এর আগে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে নদীতে। এ সময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে সেটি ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য নৌকা দ্রুত সেখানে পৌঁছে ১৪ যাত্রীকে উদ্ধার করে। তিন যাত্রী নিখোঁজ ছিলেন।
