সরকারি বাসায় অবস্থান করা সাবেক মন্ত্রী ও সচিবদের বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ূন কবির পল্লবসহ পাঁচজন আইনজীবী মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
হুমায়ূন কবির পল্লব জানান, বর্তমান সরকার গঠন করার পর নতুন করে যারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বাসা বুঝিয়ে দেওয়ার জন্য পুরোনো মন্ত্রীদের নির্দেশনা দিতে আদেশ চাওয়া হয়েছে রিট আবেদনে।
এছাড়া সরকারি বাসায় সাবেক মন্ত্রী ও সচিবদের অবস্থান করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে বলে জানান তিনি।
কার্যতালিকায় আসলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
এর আগে সোমবার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদের যারা এখনো সরকারি বাড়ি ছাড়েননি, তাদের তা ২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠান পল্লবসহ সুপ্রিম কোর্টের এই পাঁচ আইনজীবী।
জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, অর্থ, গণপূর্ত ও আইন সচিব এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে এ নোটিশ দেওয়া হয়।
