যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে কৃষ্ণাঙ্গদের তিনটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গির্জাগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।
বিবিসি জানায়, গত ১০ দিনে এ তিন গির্জায় আগুন লাগে। তবে এতে কোনো ধরনের হতাহত ঘটেনি।
লাফায়েট শহরের উত্তরের দিকে ৩০ মিনিটের দূরত্বে একই কৃষ্ণাঙ্গ কমিউনিটিতে এ তিন গির্জা অবস্থিত।
এ ঘটনায় ফেডারেল কর্তৃপক্ষের একটি তদন্ত দল অনুসন্ধানে নামে। তাদের সঙ্গে তদন্তে যোগ দেয় এফবিআই এবং মাদক, অস্ত্র ও বিস্ফোরক ব্যুরো সদস্যরাও। তারা অগ্নিকাণ্ডের এখনো কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি।
অঙ্গরাজ্যটির ফায়ার মার্শাল বুচ ব্রাউনিং বলেন, আমাদের বলতে হবে যে, আগুন লাগার ঘটনা সন্দেহজনক। কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। তিন গির্জায় অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
