ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইরানের রক্ষাকর্তা। বাহিনীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দেওয়া যুক্তরাষ্ট্রের ভুল। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহানি বলেন, ‘আমাদের জনগণ ও আমাদের বিপ্লবের জন্য গার্ড সদস্যরা তাদের জীবন দিয়েছে...আজ আমেরিকা মনের ঝাল মেটাতে গার্ডদের কালো তালিকাভুক্ত করেছেন।’
এর আগে গত সোমবার নজিরবিহীন উদ্যোগ হিসেবে আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ‘সন্ত্রাসী সংগঠন’ ও যুক্তরাষ্ট্র সরকারকে ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ আখ্যা দেয় ইরান। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল হিসেবে চিহ্নিত করে রুহানিসহ ইরানের জ্যেষ্ঠ নেতারা সতর্ক করে বলেন, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থ ক্ষুণœ হবে। এ অঞ্চলে এরই মধ্যে সিরিয়া ও লেবাননে অন্যের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান।
